Thursday, July 27, 2017

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবদুল মতিন খসরু ও শ.ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবদুল মতিন খসরু ও শ.ম রেজাউল করিমের শ্রদ্ধা নিবেদন।



বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু ও আইন সম্পাদক শ.ম রেজাউল করিম আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির ৩২ নং সড়কে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা জানানোর সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নব গঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট কাজী মোঃ নজিবুল্লাহ হিরু, সংসদ সদস্য সানজিদা খাতুন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এডভোকেট এম জুয়েল আহমেদ , আইনজীবী নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সভানেত্রী শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্রের ২৫(১) (ক) ধারা অনুসারে সম্প্রতি সাবেক আইন মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরুকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট শ.ম. রেজাউল করিমকে আইন সম্পাদক নিয়োগ করেন। দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের স্বাক্ষরিত ২২ জুলাই এর চিঠির মাধ্যমে দুই নেতাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, আবদুল মতিন খসরু বিগত সরকার আমলে আইন মন্ত্রী ছিলেন, তিনি দীর্ঘদিন দলের আইন সম্পাদকের দায়িত্ব পালন করেন। এডভোকেট শ.ম. রেজাউল করিম সাবেক ছাত্রলীগ নেতা। তিনি দৌলতপুর কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভি.পি, সরকারী কৃষি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। জিয়াউর রহমান ও এরশাদের স্বৈরশাসন আমলে একাধিকবার গ্রেপ্তার ও কারা নির্যাতনের শিকার হন। ১/১১ পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী ছিলেন।

No comments:

Post a Comment